মির্জা ফখরুল

অন্ধকার পেরিয়ে দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে

মির্জা ফখরুল বলেছেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।

নয়া দিগন্ত অনলাইন
নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর |নয়া দিগন্ত

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।

আজ রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কাজীপাড়া আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনাদের হাতেই দেশ, আপনারাই দেশের প্রকৃত মালিক। তাই ভুল করার সুযোগ নেই। সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের ভোট প্রয়োগ করতে হবে।’

তিনি বলেন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কিন্তু বিগত সরকারের সময় কি হয়েছিল? আমার ভোট আমি দেবো, তোমার ভোট আমি দেবো।

এ সময় আলীফা আক্তার গোলাপী নামে এক নারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাটির ব্যাংকে জমানো টাকা এবং কয়েক হালি মুরগির ডিম উপহার দেন।

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। বক্তৃতাকালে মির্জা ফখরুলের বক্তব্যে বারবার করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সূত্র : বাসস