জুলাই ভূলুণ্ঠিত হতে দেয়া হবে না : সেলিম উদ্দিন

সেলিম উদ্দিন বলেন, ‘স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতনের মতো একটি মহতি উদ্দেশ্য হাসিলের জন্য দেশের আবাল-বৃদ্ধ-বনিতা বন্দুক-স্লাইপার ও সর্বাধুনিক মারনাস্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে কোনো কিছুর পরওয়া ছাড়া ভয়কে জয় করে দুর্বার ও আপসহীন আন্দোলন গড়ে তুলেছিল।’

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য দিচ্ছেন সেলিম উদ্দিন
বক্তব্য দিচ্ছেন সেলিম উদ্দিন |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘জুলাই ভূলুণ্ঠিত হতে দেয়া হবে না। জুলাই ভূলুণ্ঠিত হলে আমাদের দেশ ও জাতিসত্তার অস্তিত্ব বিপন্ন হবে।’

শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে উত্তরার জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি আয়োজিত জুলাই শহীদদের স্বরণে আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ‘জুলাই শুধু বাংলাদেশের ইতিহাসে নয় রবং বিশ্ব ইতিহাসের এক ব্যতিক্রমী মহাকাব্যিক; মহাবিজয়ের একটি ঐতিহাসিক বিপ্লবের নাম। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতনের মতো একটি মহতি উদ্দেশ্য হাসিলের জন্য দেশের আবাল-বৃদ্ধ-বনিতা বন্দুক-স্লাইপার ও সর্বাধুনিক মারনাস্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে কোনো কিছুর পরওয়া ছাড়া ভয়কে জয় করে দুর্বার ও আপসহীন আন্দোলন গড়ে তুলেছিল। আর এ বিজয় ছিল ছাত্র-জনতার জন্য অবশ্যাম্ভাবী। এ বিজয়ের মাধ্যমেই দেশ ফ্যাসিবাদমুক্ত এবং সকল ক্ষেত্রে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার একটি ক্ষেত্র প্রস্তুত হয়েছিল।’

তিনি বলেন, ‘রাজনৈতিক ব্যর্থতা, সদিচ্ছার অভাব ও ক্ষমতাসীনদের অতিমাত্রায় ক্ষমতা লিপ্সার কারণেই আমাদের সে অর্জন হাতছাড়া হতে চলছে। কিন্তু দেশপ্রেমী ছাত্র-জনতা সে ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না।’

জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা ও জুলাই উদযাপন কমিটির উত্তরার আহ্বায়ক রোকেয়া বেগম এমপির সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ আশরাফুল হক, বিশিষ্ট রাজনৈতিক জামাল উদ্দিন, ইফসুর মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ, ইব্রাহিম খলিল, মাজহারুল ইসলাম, আবু বকর সিদ্দিক, গাজী মনির হোসাইন, ইসরাফিল হোসেন, সুরুজ্জামান, জাকির হোসাইন, তাহমিদ হুজাইফা, তালহা জোবায়ের সজিব, ইমরান হোসাইন প্রমুখ।