তাসনিম জারা

শুধু চাঁদাবাজ-দুর্নীতিবাজ নয়, তাদের পৃষ্ঠপোষককেও ধরতে হবে

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

নয়া দিগন্ত অনলাইন
ডা. তাসনিম জারা
ডা. তাসনিম জারা |সংগৃহীত

শুধু চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের ধরলেই হবে না, তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরও বিচারের আওতায় আনতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি বলেন, তা না হলে চাঁদাবাজি কখনোই বন্ধ হবে না।

সোমবার (২৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, ‘শুধু চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের ধরলেই হবে না, তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তা না হলে চাঁদাবাজি কখনোই বন্ধ হবে না।’

তিনি আরো লেখেন, ‘গত এক মাসে দেশের প্রায় প্রতিটি প্রান্ত ঘুরেছি। রাজবাড়ী থেকে খুলনা, পঞ্চগড় থেকে ভোলা, যেখানেই গেছি সাধারণ মানুষ একটা প্রশ্ন বারবার করেন, ‘এই দুর্নীতি আর চাঁদাবাজির রাজত্ব কবে শেষ হবে?’ অপরাধী যেই হোক, তার পরিচয়, প্রভাব বা অতীত ইতিহাস যাই থাকুক, সবাইকে আইনের আওতায় আনতে হবে।’

এনসিপির এই নেত্রী আরো লেখেন, ‘চাঁদাবাজি আর দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা শুধু বিচ্ছিন্ন কিছু ব্যক্তির বিরুদ্ধে নয়, এটা রাজনৈতিক সংস্কারের লড়াই। রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোকে তাদের নিজেদের ঘর গোছাতে হবে। আর এখন যারা রাষ্ট্রক্ষমতায়, তাদের দায়িত্ব সবচেয়ে বড়। এই সরকার দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কার্যকর ও কঠোর অবস্থান নিতে পারেনি।’

তিনি আরো লেখেন, ‘শুরুর দিকে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা রাখতে পারেনি, সেই বাস্তবতা ছিল। কিন্তু এক বছর পরেও যদি আপনি সেটা করতে না পারেন, সেটার দায় আপনার। তবে এখনও সময় আছে। এই সরকার যদি সাহসী পদক্ষেপ নেয়, রাজনৈতিক প্রভাবশালী হোক বা প্রশাসনিক ক্ষমতাবান, সবাইকে যদি জবাবদিহির আওতায় আনে, তাহলে মানুষ এই সরকারকে শ্রদ্ধার সাথেই স্মরণ করবে।’