দেশব্যাপী জুলুম-অত্যাচার বন্ধের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘আমার কর্মীর গায়ে নয়, পারলে আমার গায়ে হাত দাও। এখনই দেশব্যাপী সব জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে।’
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকা সফর করে ওই এলাকার মসজিদে আসর ও মাগরিবের নামাজ আদায় করেন। এ সময় তিনি সাধারণ মুসল্লি ও জনগণের সাথে সাক্ষাৎ করে তাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
এটি তার নির্বাচনী এলাকায় নির্বাচন-পরবর্তী প্রথম সফর।
ঢাকা-১৫ আসনের উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে যে ওয়াদা করেছেন, তা বাস্তবায়নের প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি জনগণের সমস্যার কথা জানার ও বোঝার চেষ্টা করেন।
মতবিনিময়ের আগে তার নির্বাচনী এলাকার কিছু বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন তিনি নিজ হাতে অপসারণ করেন। নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে সব বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণের আহ্বান জানিয়ে তিনি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে এবং জনগণের সমস্যা সমাধানে আমাদের সবাইকে আত্মনিয়োগ করতে হবে।’
নানা বাধা-প্রতিবন্ধকতা ও হামলা উপেক্ষা করে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য তিনি ভোটার জনগণ, জামায়াতের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ এলাকার জনগণ তাকে নির্বাচিত করে যে বিরাট দায়িত্ব অর্পণ করেছেন, তা সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করার জন্য তিনি মহান আল্লাহর তাওফিক কামনা করেন।
সেইসাথে জনগণের সার্বিক সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘আমি দল-মতের ঊর্ধ্বে উঠে সবার খেদমত করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’
ডা: শফিকুর রহমান আরো বলেন, ‘দেশের মানুষ পরিবর্তন চায় এবং গণভোট ও জাতীয় নির্বাচনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।’
জনগণের প্রত্যাশা বাস্তবায়নে দল সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও তিনি জানান।
তিনি বলেন, ‘জনগণ আমাদের ওপর যতটুকু দায়িত্ব দিয়েছে, সর্বোচ্চ দিয়ে তা পালন করব। দেশটা কারো কাছে ইজারা দেব না, কাউকে প্রভু মানব না, কারো দাসত্ব স্বীকার করব না।’
মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আমরা ভালোবাসা দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চাই। ভালোবাসা দিতে চাই। যদি ঐক্যবদ্ধভাবে আমাদের জাতি গড়ার সুযোগ দেয়া না হয়, তবে আমরা আমাদের মতো করে কাজ করব। আমাদের দেশপ্রেম ও ভালোবাসাকে দুর্বলতা মনে করবেন না।’
ডা: শফিকুর রহমান বলেন, ‘আমাদের যতটুকু সুযোগ আছে, সবটুকু উজাড় করে দিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই। মানুষের অন্তরে জায়গা করে নিতে চাই।’
এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন জামায়াত আমির ডা: শফিকুর রহমানকে বিজয়ী করায় মিরপুরবাসী ও সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, ‘ইনশাআল্লাহ, আমিরে জামায়াত ঢাকা-১৫ আসনে অগ্রাধিকারভিত্তিতে কাজ শুরু করবেন। এ এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করবেন এবং নানা জনস্বার্থ ও নাগরিক সুবিধা বাস্তবায়নের পদক্ষেপ নেবেন।’
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির ও আসন পরিচালক আব্দুর রহমান মুসা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মাদ তসলিম ও কবির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, মিরপুর পূর্ব থানা আমির ও আসন কমিটির সদস্য সচিব শাহ আলম তুহিন, ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি হাফেজ আবু তাহের, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মহিব্বুল্লাহসহ জামায়াতের থানা আমির, সেক্রেটারি ও ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দেশে শান্তি, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।



