তাড়াহুড়ো করে দু’টি আইন পাসের পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকার আহ্বান ফখরুলের

‘বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে, তাড়াহুড়ো করে দু’টি আইন বর্তমান অন্তর্বর্তী সরকার পাস করাতে চাইছেন। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন অন্যটি এনজিও সংক্রান্ত আইন।’

অনলাইন প্রতিবেদক
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর |ফাইল ছবি

পুলিশ কমিশন ও এনজিও সংক্রান্ত আইন পাসের পদক্ষেপ থেকে অন্তর্বর্তী সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে, তাড়াহুড়ো করে দু’টি আইন বর্তমান অন্তর্বর্তী সরকার পাস করাতে চাইছেন। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন অন্যটি এনজিও সংক্রান্ত আইন।’

তিনি মনে করেন, নির্বাচনের আগে এ আইনগুলো পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে। জনগণের ম্যান্ডেট ছাড়াই তড়িঘড়ি করে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাস করা সমীচিন হবে না।

ওই বিষয়ে আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে। সরকারকে এই ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান মির্জা ফখরুল।