বিএনপির ইশতেহার

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও জুলাইযোদ্ধাদের জন্য আলাদা বিভাগ গঠনের অঙ্গীকার

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে ইশতেহারে এ অঙ্গীকার তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

অনলাইন প্রতিবেদক

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং জুলাই শহীদদের নামে স্থাপনার নামকরণ ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ গঠনের অঙ্গীকার করেছে বিএনপি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে ইশতেহারে এ অঙ্গীকার তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রণয়ন এবং রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি নিশ্চিতকরণ :

রাষ্ট্রীয় উদ্যোগে নিবিড় জরিপের ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রণয়ন করা হবে এবং তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান নিশ্চিত করা হবে। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণার্থে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি এবং এ ভাতা ব্যবস্থাপনাকে দুর্নীতি ও ত্রুটিমুক্ত করা হবে।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা :

বিগত ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করেছিল। শিক্ষা কারিকুলামে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুক্তিযোদ্ধা উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিতকরণ :

মুক্তিযোদ্ধা উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করা হবে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রতিষ্ঠিত ব্যবসায়িক ও শিল্প প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় যোগ্য ও দক্ষ মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দেয়া হবে।

মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ :

দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা ও মুক্তিযুদ্ধকালীন বধ্যভূমি ও গণকবর চিহ্নিত করে সেসব স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ ও সংরক্ষণ করা হবে।

গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের নামে সরকারি স্থাপনার নামকরণ :

জুলাই গণঅভ্যুত্থানে এবং ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সকল শহীদের তালিকা প্রস্তুত করে নিজ নিজ এলাকায় তাদের নামে সরকারি স্থাপনার নামকরণ করা হবে। শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তা প্রদান করা হবে।

গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সার্বিক সহায়তা প্রদান :

গণঅভ্যুত্থানে ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেসব গণতন্ত্রকামী ব্যক্তি পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন তাদেরকেও স্বীকৃতি, সুচিকিৎসা ও কর্মসংস্থানে সহায়তা প্রদান করা হবে।

গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণার্থে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন আলাদা বিভাগ প্রতিষ্ঠা :

জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি আলাদা বিভাগ প্রতিষ্ঠা করা হবে। এই বিভাগ শহীদ ও আহতদের কৃত মামলার বিচার দ্রুততর করা, সম্মানজনক জীবিকা এবং তাদের অসহায় সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেবে। এই বিভাগে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মধ্য থেকে যোগ্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।