ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ শতাধিক আন্দোলনকারীর আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, জাতিসঙ্ঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রারত নেতাকর্মীদের ওপর পুলিশি দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরো বলেন, পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ এবং গুলিবর্ষণের ফলে যেভাবে সাধারণ আন্দোলনকারীরা আহত হয়েছেন, তা ন্যক্কারজনক। বিশেষ করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ অন্য নেতাকর্মীরা মারাত্মকভাবে আহত হওয়ার বিষয়টি গভীরভাবে উদ্বেগজনক। বাসস



