নারী প্রতিনিধিত্ব ও রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে ঐকমত্যের পথে কমিশন

আগামীকাল ৩১ জুলাই ঐকমত্য সনদের সমস্ত আলোচ্য বিষয়ে চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্য রয়েছে।

অনলাইন প্রতিবেদক
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ |নয়া দিগন্ত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতিগত ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির লক্ষ্যে ছয়টি সিদ্ধান্ত এবং রাষ্ট্রপতির কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব নিয়ে নতুন গতি এসেছে আলোচনায়।

নারী প্রতিনিধিত্ব : ৫০ থেকে ১০০ আসনে উন্নীত করার ঐকমত্য

আলী রীয়াজ বলেন, জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব ৫০ থেকে বৃদ্ধি করে ১০০ আসনে উন্নীত করার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল সম্মত হয়েছে। যদিও দুই একটি দল এ বিষয়ে ভিন্নমত বা ‘নোট অফ ডিসেন্ট’ দিয়েছে, তবুও এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব সংক্রান্ত প্রস্তাবে উল্লেখ করা হয়, সংবিধানের ৪৮ অনুচ্ছেদের ৩ নম্বর উপ-ধারার সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতির নিয়োগক্ষমতার পরিধি বাড়ানো যেতে পারে।

কমিশনের প্রস্তাব অনুযায়ী, নিম্নোক্ত নিয়োগগুলো প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই রাষ্ট্রপতি দিতে পারবেন প্রস্তাব দিয়েছে কমিশন। অ্যাটর্নি জেনারেল, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, বাংলাদেশ ব্যাংক গভর্নর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এনার্জি ও টেলিকম নিয়ন্ত্রক সংস্থাগুলো, তিন বাহিনীর প্রধান, ডিজিএফআই ও এনএসআই মহাপরিচালক।

এই প্রস্তাব ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর কাছে বিবেচনার জন্য পাঠানো হয়েছে।

১৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে জানিয়ে আলী রীয়াজ বলেন, অপেক্ষা তত্ত্বাবধায়ক ও উচ্চকক্ষ সিদ্ধান্তের। কাল কমিশনের পক্ষে থেকে জানানো হবে। কমিশনের পক্ষ থেকে সংশোধনীসহ প্রাথমিক খসড়া ‘জুলাই সনদ’ ইতোমধ্যে দলগুলোকে দেয়া হয়েছে। বেশ কিছু দল লিখিতভাবে তাদের মতামত জানিয়ে দিয়েছে।

‘কমিশনের অগ্রগতি অবহিত করা হয়েছে ড. মুহাম্মদ ইউনূসকে’

আলী রীয়াজ বলেন, আজকের বৈঠকের মধ্যবর্তী সময়ে কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করে আলোচনার অগ্রগতি জানানো হয়েছে। কিছু মতভেদ এবং প্রস্তাব বিষয়ে তার মতামতও নেয়া হয়েছে।

‘আগামীকাল ৩১ জুলাই ঐকমত্য সনদের সমস্ত আলোচ্য বিষয়ে চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকেও সর্বাত্মক সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে’, কমিশনের পক্ষ থেকে বলেন আলী রীয়াজ।