আইজি ব্যাজ পেলেন রামগঞ্জ থানার ওসি

পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম ওসি মোহাম্মদ আবুল বাশারের হাতে এই মর্যাদাপূর্ণ ব্যাজ তুলে দেন।

নয়া দিগন্ত অনলাইন
ওসি মোহাম্মদ আবুল বাশার
ওসি মোহাম্মদ আবুল বাশার |নয়া দিগন্ত

বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৫-এ পেশাগত কাজের স্বীকৃতিস্বরূপ ‘আইজি ব্যাজ’ লাভ করেছেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার। রামগঞ্জ থানায় যোগদানের পর টানা দু’বার তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন।

বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশের বার্ষিক পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম ওসি মোহাম্মদ আবুল বাশারের হাতে এই মর্যাদাপূর্ণ ব্যাজ তুলে দেন।

ওসি আবুল বাশার রামগঞ্জ থানায় যোগদানের পর থেকে মাদক ও জুয়া প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন দমন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণসহ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার নেতৃত্বে রামগঞ্জ থানায় নাগরিক সেবার মান উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেবাপ্রত্যাশী মানুষ থানায় এখন আরো সহজে ও দ্রুত সহায়তা পাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

আইজি ব্যাজ অর্জনের পর ওসি মোহাম্মদ আবুল বাশার বলেন, ‘এই স্বীকৃতি শুধু আমার নয়, এটি রামগঞ্জ থানার প্রতিটি পুলিশ সদস্য এবং রামগঞ্জবাসীর সম্মিলিত সাফল্য। ইনশাআল্লাহ, আগামী দিনগুলোতেও আমি দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে মানুষের পাশে থাকব।’