২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ

২৬ মার্চ ভোরে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় স্মৃতিসৌধ
জাতীয় স্মৃতিসৌধ |ফাইল ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার ভেতরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

শুক্রবার (১৩ মার্চ) সরকারের তথ্য বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ মার্চ ভোরে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

এদিকে, দিবসটি উপলক্ষে ঢাকার গাবতলী থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের তোরণ, পোস্টার, ব্যানার, ফেস্টুন না টানাতে পৃথক বিবরণীতে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনো ধরনের ক্ষতি সাধন না করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সূত্র : ইউএনবি