জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে চায় জামায়াত : সেলিম উদ্দিন

জামায়াতের লক্ষ্য শুধু রাষ্ট্রক্ষমতায় যাওয়া নয়, মানুষের কল্যাণ নিশ্চিত করা উল্লেখ করে তিনি বলেন, সে লক্ষ্যেই ডিজিটাল হেলথ কার্ড, বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প ও ছানি আক্রান্ত রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন এবং কয়েক হাজার রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক
নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চায় জামায়াত। জনগণের মৌলিক অধিকার হিসেবে চিকিৎসাসেবা নিশ্চিত করতে দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের বাদশাহ ফয়সল স্কুল অ্যান্ড কলেজ মাঠে নগর উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে জলাবদ্ধতা, যানজট, অপরিকল্পিত নগরায়ণ এবং চুরি-ছিনতাইসহ নাগরিক সমস্যাগুলোর কার্যকর সমাধান প্রয়োজন।

তিনি বলেন, সৎ, দক্ষ ও জবাবদিহিমূলক নেতৃত্ব এবং সবার অংশগ্রহণেই নিরাপদ, পরিচ্ছন্ন ও স্মার্ট সিটি গড়ে তোলা সম্ভব।

সেলিম উদ্দিন আরো বলেন, দেশের অনেক মানুষ এখনো কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি, বিদ্যমান যন্ত্রপাতির অকার্যকারিতা এবং পরীক্ষা-নিরীক্ষার সীমাবদ্ধতা স্বাস্থ্যসেবাকে ব্যাহত করছে। এ সঙ্কটের অন্যতম কারণ হিসেবে তিনি ঘুষ, চাঁদাবাজি ও দুর্নীতির কথা উল্লেখ করেন।

জামায়াতের লক্ষ্য শুধু রাষ্ট্রক্ষমতায় যাওয়া নয়, মানুষের কল্যাণ নিশ্চিত করা উল্লেখ করে তিনি বলেন, সে লক্ষ্যেই ডিজিটাল হেলথ কার্ড, বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প ও ছানি আক্রান্ত রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন এবং কয়েক হাজার রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

এ সময় ডা. হাসানুল বান্না, মো: জুবায়ের হোসাইন রাজন, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল আউয়াল আযম, ২৯ নম্বর ওয়ার্ডের মোস্তাক আহমেদ মাহবুব, ৩০ নম্বর ওয়ার্ডের মো: সাইদুর রহমান, ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ডা. মো: শফিউর রহমান, ৩২ নম্বর ওয়ার্ডের মো: জিয়াউল হাসান, ৩৩ নম্বর ওয়ার্ডের মো: রবিউল ইসলাম (রুবেল), ৩৪ নম্বর ওয়ার্ডের মো: আবু নাঈমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।