নাটোরের লালপুর থেকে কণ্ঠ পরিবর্তনের ডিভাইসসহ মোবাইল অ্যাপ ইমো হ্যাকার চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
বুধবার (২৮ মে) ভোরে উপজেলার বিলমাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন ওই এলাকার মো: বায়েজিদ, লতিফ, রাজু, সোহান ও শান্ত।
শুক্রবার (৩০ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্র জানায়, এই চক্রটি দীর্ঘ দিন ধরেই ইমোসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যাক করে মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিল। তাদের প্রধান লক্ষ্য ছিল প্রবাসীরা। প্রবাসীদের কাছ থেকে ছল-চাতুরী করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে এই চক্র। এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালপুর উপজেলার বিলমাড়িয়ার পানশি এলাকার একাধিক বাসায় অভিযান চালিয়ে হ্যাকারদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ৭০টির অধিক সিম, ২২টি মোবাইল ফোন, ৪০ পিস ইয়াবা, গাঁজাসহ কণ্ঠ পরিবর্তন করার ডিভাইস পাওয়া যায়। পরবর্তী সময়ে তাদের থানায় সোপর্দ করা হয়।
লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, ‘হ্যাকার চক্রের সদস্যদের থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আটককৃতদের কাছে মাদকও পাওয়া গেছে।’
তিনি বলেন, চক্রটি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টার্গেট করে বিশেষ ডিভাইসের মাধ্যমে প্রবাসী এবং বাংলাদেশী তরুণ ও যুবকদের সাথে ভিন্ন কণ্ঠে কথা বলে প্রতারণার আশ্রয় নিয়ে অর্থ আত্মসাৎ করে আসছিল। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।’



