কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই : রেল প্রতিমন্ত্রী

‘বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে চায়। প্রধানমন্ত্রীর নির্দেশ- জনগণের পাশে থাকতে হবে, জনসেবা করতে হবে, জনগণের দোড়গোরায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
প্রধান অতিথির বক্তব্যে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
প্রধান অতিথির বক্তব্যে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ |সংগৃহীত

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, কথায় নয়, কাজের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়তে চাই।

তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে চায়। প্রধানমন্ত্রীর নির্দেশ- জনগণের পাশে থাকতে হবে, জনসেবা করতে হবে, জনগণের দোড়গোরায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে।’

শনিবার (২০ জুন) রাজধানীর সবুজবাগ থানাধীন মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ বলেন, ‘সরকারি বরাদ্দের অর্থ সংগ্রহ করতে আপনাদেরকে যেন সরকারি দফতরে গিয়ে ধরনা দিতে না হয়, তাই এ চেক বিতরণের জন্য আমরা আপনাদের মাঝে এসেছি।’

তিনি বলেন, সন্ত্রাস চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান সুস্পষ্ট। যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত, মাদক সেবন ও মাদক কারবারির সাথে জড়িত ও যারা সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে চায় সরকার তাদের কঠোর হাতে দমন করবে। ব্যক্তিগতভাবে আমি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককে ঘৃণা করি। যারা এসবের সাথে জড়িত ও যারা তাদেরকে সহযোগিতা করে, তাদেরকেও আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করি। এক্ষেত্রে সরকারের সুস্পষ্ট অবস্থান– তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।

রেল প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিস্তার রোধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আমরা আমাদের কাজের মাধ্যমেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলব।’

এর আগে, প্রতিমন্ত্রী একই এলাকায় আব্দুল আজিজ ভূইয়া ও বেগম শায়েস্তা নূরানিয়া হাফিজিয়া মাদরাসায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর আয়োজনে বিনামূল্যে হেলথ ক্যাম্প উদ্বোধন করেন।

এ সময় খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও মানিকনগর থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বাসস