‘নাশকতা সৃষ্টির লক্ষ্যে বাসে আগুন দিচ্ছে অগ্নি সন্ত্রাসীরা’

‘বাসে আগুনের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পুলিশ কাজ করছে।’

নয়া দিগন্ত অনলাইন
মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন
মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন |সংগৃহীত

নাশকতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে বাসে আগুন দিচ্ছে অগ্নি সন্ত্রাসীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় তারা। এছাড়া সোমবার দিবাগত রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় ও ধানমন্ডিতে শান্তমারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসসহ বেশ কয়েকটি বাসে আগুন দেয় সন্ত্রাসীরা।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বাসে আগুনের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পুলিশ কাজ করছে।

ডিবি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে ১৩ নভেম্বরের তথাকথিত লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা করা হচ্ছে।

এছাড়াও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সন্ত্রাসীদের দেয়া আগুনে বাসের ভেতরেই ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন চালক জুলহাস মিয়া। সোমবার দিবাগত রাতে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়াও সোমবার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পাশে শাহ আলী মার্কেটের সামনে ও খিলগাঁও ফ্লাইওভারের ওপরসহ নগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে ককটেল বিস্ফোরণকারী ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। বাসস