ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় স্পিকার ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা।
দিলারা হাফিজ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। মরহুমার এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি রয়েছে।
জানা গেছে, দিলারা হাফিজের লাশ আগামীকাল রোববার সন্ধ্যায় দেশে আনা হবে। সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ঢাকা ক্যান্টনমেন্টে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন দিলারা হাফিজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি সরকারি ইডেন কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন এবং পরে সোহরাওয়ার্দী কলেজ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।


