সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন–বদলির নীতি: প্রধানমন্ত্রী

ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে এবং দায়িত্ব পালনে সবসময় প্রস্তুত থাকতে হবে। তিনি আরো বলেন, সরকার যেমন স্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও স্থায়ী নয়।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সততা, মেধা ও দক্ষতার ভিত্তিতেই জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি নির্ধারণ করা হবে। তিনি জেলা প্রশাসকদের (ডিসি) দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন।

রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে এবং দায়িত্ব পালনে সবসময় প্রস্তুত থাকতে হবে। তিনি আরো বলেন, সরকার যেমন স্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও স্থায়ী নয়।

দেশে দারিদ্র্য ও বেকারত্ব বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমস্যার সমাধানের চেষ্টা করছে সরকার।

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

এ সময় তিনি ডিসিদের নির্দেশ দেন, সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা নিশ্চিত করতে এবং এ বিষয়ে নজরদারি বাড়াতে।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে সচিবালয়ে নিজ কার্যালয় থেকে হেঁটে সম্মেলনস্থলে যান প্রধানমন্ত্রী। পথে উপস্থিত সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিষ্ট সংস্থা, স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন মন্ত্রণালয় নিয়ে আলোচনা হয়েছে। দিনশেষে ডিসিরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সোমবার (৪ মে) দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম নিয়ে আলোচনা হবে। একই দিনে জাতীয় সংসদ ভবনে স্পিকারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেবেন ডিসিরা।

মঙ্গলবার (৫ মে) তৃতীয় দিনে সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এদিন সুপ্রিম কোর্ট ভবনে প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ডিসিরা।

বুধবার (৬ মে) সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। একই রাতে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজে অংশ নেবেন কর্মকর্তারা।