রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর অফিসের কয়েকটি তলায় ভাঙচুর করেছে বিক্ষুদ্ধ জনতা, দেয়া হয়েছে আগুন। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কার্যালয়েও ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে প্রথম আলোর কার্যালয়ে ও পরে ডেইলি স্টার অফিসে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে একদল লোক শাহবাগ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে ঘেরাও ও বিক্ষোভ শুরু করে।
একপর্যায়ে বিক্ষুব্ধরা লাঠিসোঁটা নিয়ে প্রথম আলো কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। কার্যালয়ের বেশিভাগ জানালার গ্লাস ভেঙে ফেলা হয়। ভেতরে প্রবেশ করে টেবিল-চেয়ার ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে রাস্তায় বের করে নিয়ে আসে এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।
বিক্ষুব্ধরা ডেইলি স্টারের কার্যালয়েও আগুন দেয়, যা ভয়াবহভাবে ছড়াতে শুরু করে। পরে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নেভাতে সমর্থ হয়। আগুন লাগার সময় অফিসের ভেতরে অনেকেই আটকা পড়েন বলে জানা যায়।



