শিশুদের সুস্থ সংস্কৃতি চর্চায় যুক্ত করার আহ্বান ডেপুটি স্পিকারের

‘মায়েরা যদি শিশুদের ছোটবেলা থেকেই দেশীয় সংস্কৃতি, ছড়া ও কবিতার সাথে পরিচয় করান, তবে সেই সন্তানরা বড় হয়ে বিপথগামী হবে না।’

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য দেন ব্যারিস্টার কায়সার কামাল
বক্তব্য দেন ব্যারিস্টার কায়সার কামাল |সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিশুদের ছোটবেলা থেকেই সুস্থ সংস্কৃতি চর্চায় যুক্ত করতে পারলে তারা ভবিষ্যতে মাদকসহ সকল সামাজিক ব্যাধি থেকে দূরে থাকবে।

তিনি বলেন, যে জাতি সাংস্কৃতিকভাবে যত বেশি সমৃদ্ধ, সেই জাতি সামগ্রিক উন্নয়নেও তত বেশি এগিয়ে থাকে।

শুক্রবার (৩ এপ্রিল) নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ‘জনতা কালচারাল একাডেমি’র বার্ষিক পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলমাকান্দায় সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে ব্যারিস্টার কায়সার কামাল ঘোষণা দেন, ঢাকা বা ময়মনসিংহের আদলে এখানে একটি আধুনিক শিল্পকলা একাডেমি গড়ে তোলা হবে। এই প্রকল্পে ‘জনতা কালচারাল একাডেমি’কে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।

অনুষ্ঠানে আড়ম্বরপূর্ণ অভ্যর্থনা ও অপচয় পরিহারের আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘একটি ফুলের তোড়া বানাতে দুই থেকে তিন হাজার টাকা খরচ হয়। আমি এ ধরনের অপচয় চাই না। এই টাকা দিয়ে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের জন্য বাদ্যযন্ত্র কেনা বা কোনো দুস্থ মানুষকে সাহায্য করা শ্রেয়।’

নিজের স্মৃতিচারণ করে তিনি মায়েদের উদ্দেশে বলেন, মায়েরা যদি শিশুদের ছোটবেলা থেকেই দেশীয় সংস্কৃতি, ছড়া ও কবিতার সাথে পরিচয় করান, তবে সেই সন্তানরা বড় হয়ে বিপথগামী হবে না। ভিনদেশী অপসংস্কৃতি পরিহার করে নিজস্ব ঐতিহ্য লালন করার তাগিদ দেন তিনি।

জাতীয় রাজনীতির প্রেক্ষাপট উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য কেবল একটি পতাকা বা পাসপোর্ট পাওয়া ছিল না, বরং অর্থনৈতিক, সাংস্কৃতিক ও গণতান্ত্রিক মুক্তি অর্জনই ছিল আমাদের পূর্বসূরিদের লক্ষ্য। জুলাই গণঅভ্যুত্থান আমাদের সামনে সেই সুযোগ আবারো এনে দিয়েছে।

তিনি আরো বলেন, আমার কাছে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিষ্টান বা কে হাজং— সেটি বিবেচ্য বিষয় নয়; মেধা ও মননের ভিত্তিতেই সবাইকে মূল্যায়ন করা হবে।

জনতা কালচারাল একাডেমির নির্বাহী পরিচালক আফরোজা বেগম শিমুর সভাপতিত্বে এবং শিক্ষক এনামুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সিদ্দিক হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি এম এ খায়ের, প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান। বাসস