পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অভিযান চলাকালে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন এবং দ্রুততম সময়ে হাট-সংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশনা প্রদান করেন।

নয়া দিগন্ত অনলাইন
কোরবানির বর্জ্য অপসারণে মাঠে নামলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
কোরবানির বর্জ্য অপসারণে মাঠে নামলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী |সংগৃহীত

টাঙ্গাইল পৌর শহরের বেবি স্ট্যান্ড এলাকায় অস্থায়ী গরুর হাট পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি আজ এই অস্থায়ী গরুর হাট পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ গ্রহণ করেন। প্রতিমন্ত্রীর উদ্যোগে এবং তার সরাসরি অংশগ্রহণে পরিচালিত এ অভিযানে বিভিন্ন স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

অভিযান চলাকালে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন এবং দ্রুততম সময়ে হাট-সংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশনা প্রদান করেন।

সুলতান সালাউদ্দিন টুকু পশুর হাটের কারণে সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ ও নাগরিক ভোগান্তি কমিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করেন। তার এ উদ্যোগে সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়।

প্রতিমন্ত্রীর এ উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করে এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর পরিবেশ নিশ্চিতকরণে দায়িত্বশীলতার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এ পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য অপসারণ কার্যক্রমে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম’-এর প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল-সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

এরপর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’ এবং জেলা পুলিশ লাইন্স মাঠ প্রাঙ্গণে ‘পুলিশ লাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অনৈতিক কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে এবং একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

তিনি তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রেখে মাঠমুখী করতে খেলাধুলার প্রতি আরো বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান।

সূত্র : বাসস