আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পুরস্কার বিতরণ, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে অনুদান ও সম্মানী প্রদান।

নয়া দিগন্ত অনলাইন

রাজধানীর বাইরে প্রথমবারের মতো জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন হতে যাচ্ছে কিশোরগঞ্জে। এ উপলক্ষে আজ রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে জেলার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পুরস্কার বিতরণ, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে অনুদান ও সম্মানী প্রদান।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ১টার দিকে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

দুপুরের খাবার ও বিশ্রামের জন্য সার্কিট হাউসে যাওয়ার পর বেলা আড়াইটায় কিশোরগঞ্জ জেলা সদরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

বিকেল ৪টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন অনুদান প্রদান করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন সড়ক সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ চলছে। দীর্ঘদিনের ভাঙাচোরা সড়কের গর্ত ভরাটের পাশাপাশি সড়কের দুই পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে।

শপথ নেয়ার পর প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাকে স্বাগত জানাতে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকেও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন দলীয় সংসদ সদস্যরা।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফরে কিশোরগঞ্জের সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা ও মৎস্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

তারা বলেন, জাতীয় মৎস্য পক্ষের বড় আয়োজন সাধারণত রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হয়ে থাকে। এবারই প্রথম রাজধানীর বাইরে এ আয়োজন হচ্ছে। বৃহত্তর ময়মনসিংহে দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ৪০ শতাংশ হওয়ায় এ অঞ্চলের সম্ভাবনা, উদ্যোক্তা ও খামারিদের সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরতেই কটিয়াদীতে এবারের মূল আয়োজন করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এ সফরের মাধ্যমে কিশোরগঞ্জের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা পূরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশা করছেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন।