শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত অবস্থায় হামলার শিকার ডা: নাসির উদ্দিনের খোঁজ নিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।
সোমবার (১৮ মে) ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ডা: নাসিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, দায়িত্ব পালনরত চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ হামলার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ সময়ে স্বাস্থ্যমন্ত্রী ডা: নাসিরের চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিকতা ও যত্ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১৫ মে রাতে শরীয়তপুর সদর হাসপাতালে হার্ট অ্যাটাকে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দায়িত্বরত ডা: নাসির উদ্দিনের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বাসস



