জামিননামা অনলাইনে, এক ক্লিকে পৌঁছাবে সংশ্লিষ্ট কারাগারে

জামিনের পর একজন আসামিকে ১২টি ধাপে যেতে হয়, যার মধ্যে কোনো কোনো ধাপে টাকা দিতে হয়। এসব ধাপে হয়রানির শিকার হতে হয়। নতুন ব্যবস্থায় এসব ভোগান্তি দূর হবে।

নয়া দিগন্ত অনলাইন
জামিননামা অনলাইনে, এক ক্লিকে পৌঁছাবে সংশ্লিষ্ট কারাগারে
জামিননামা অনলাইনে, এক ক্লিকে পৌঁছাবে সংশ্লিষ্ট কারাগারে |সংগৃহীত

আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়, যার প্রতিটি ধাপে হয়রানি ও অর্থব্যয়ের অভিযোগ রয়েছে। এসব ভোগান্তি নিরসনে আগামীকাল বুধবার থেকে অনলাইনে জামিননামা (বেইল বন্ড) দাখিল কার্যক্রম শুরু হচ্ছে। এতে এক ক্লিকেই জামিননামা সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান।

ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি, নিজেরাই করেছি, কারো সহযোগিতা ছাড়া। কালকে পাইলট প্রকল্প হিসেবে অনলাইন জামিননামা চালু করছি। জামিন পাওয়ার পর আদালতের রায় থেকে সরাসরি সংশ্লিষ্ট জেলখানায় পৌঁছে যাবে জামিননামা। এতে আসামির মুক্তির প্রক্রিয়া সহজ হবে।’

তিনি বলেন, ‘জামিনের পর একজন আসামিকে ১২টি ধাপে যেতে হয়, যার মধ্যে কোনো কোনো ধাপে টাকা দিতে হয়। এসব ধাপে হয়রানির শিকার হতে হয়। নতুন ব্যবস্থায় এসব ভোগান্তি দূর হবে।’

সরকারি অর্থ ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সরকারের অনেক টাকা আছে। প্রবাসীকল্যাণ ব্যাংকে ১ হাজার ৬০০ কোটি টাকা, আইজিআর অফিসে ১ হাজার ৫০০ কোটি টাকা রয়েছে। আমরা নিজের টাকা নিজে ব্যবহার করে ভালো কাজ করতে পারি।’