ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন চানমারী ঘাট থেকে খিলগাঁও রেল ক্রসিং পর্যন্ত এলাকায় অবৈধ দখল, ফুটপাথ ও সড়ক প্রতিবন্ধকতামুক্ত রাখতে উচ্ছেদ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) অভিযান চলাকালে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর বিধান অমান্য করায় তিনজন ব্যবসায়ীকে মোট নয় হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, পশু জবাই ও গোশতের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী স্বাস্থ্যসম্মত উপায়ে গোশত বিক্রয় ও সংরক্ষণ সংক্রান্ত বিধান লঙ্ঘনের দায়ে একজন গোশত বিক্রেতাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে জব্দকৃত বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী তাৎক্ষণিকভাবে (অন-স্পট) নিলামের মাধ্যমে ছয় হাজার টাকায় বিক্রয় করা হয়।
জনস্বার্থে নগরীর সড়ক, ফুটপাথ ও জনসাধারণের চলাচলের স্থান দখলমুক্ত রাখা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। বাসস


