রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতের গ্রীষ্মকালীন ছুটি স্থগিত রেখে স্বল্প কয়েক কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দেশের বিচার ব্যবস্থায় এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার (৭ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে আইনমন্ত্রী বলেন, ১৯ মে পল্লবীতে রামিসা নির্মমভাবে ধর্ষণ ও হত্যার শিকার হওয়ার মাত্র সাত ঘণ্টার মধ্যে পুলিশ মূল দুই আসামিকে গ্রেফতার করে। ঘটনার পর ভিক্টিমের পরিবার বিচার নিয়ে হতাশা প্রকাশ করলেও সরকার দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
আইনমন্ত্রী জানান, মাত্র পাঁচ দিনের মধ্যে তদন্ত শেষ করে ২৪ মে আদালতে চার্জশিট দাখিল করা হয় এবং একই দিন তা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানো হয়। বিচার দ্রুত শেষ করতে ১ জুন থেকে শুরু হওয়া নিম্ন আদালতের গ্রীষ্মকালীন ছুটির মধ্যেও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সচল রাখতে প্রধান বিচারপতি বিশেষ সিদ্ধান্ত নেন।
রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের জন্য সরকারি আইনজীবী নিয়োগের পর ১ জুন অভিযোগ গঠন, ২ জুন ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং পরবর্তী দুই দিনে আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষ হয়। সাপ্তাহিক ছুটির পর ৭ জুন আদালত প্রধান আসামি সোহেল ও তার সহযোগী স্ত্রীকে মৃত্যুদণ্ড দেন।
আইনমন্ত্রী বলেন, এই রায়ের মাধ্যমে রামিসার পরিবারের হারানো আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। একই সাথে আলোচিত অন্যান্য মামলার তদন্ত ও বিচার দ্রুত শেষ করতেও সরকার বিশেষ তদারকি অব্যাহত রেখেছে।



