নুরের চোয়ালের হাড় ভেঙে গেছে, উন্নত চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন

নুরের জ্ঞান ফিরেছে, তবে মাথা ও নাকে গুরুতর আঘাত রয়েছে। ৪৮ ঘণ্টা না গেলে তার অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক
নুরুল হক নুর
নুরুল হক নুর |সংগৃহীত

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৯ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তার উন্নত চিকিৎসার জন্য গঠন করা হয়েছে একটি উচ্চপর্যায়ের মেডিক্যাল বোর্ড।

আজ শনিবার সকালে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ জানান, নুরুল হক নুর বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আঘাতজনিত কারণে তার চোয়ালের হাড় ভেঙে গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং চোখে রক্তজমাট রয়েছে। নিউরো সার্জারি, নাক-কান-গলা বিভাগ, আইসিইউ বিভাগের প্রধানসহ কয়েকটি বিভাগের সিনিয়র চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সকালে তার আরেকটি সিটি স্ক্যান করে দেখা হবে, মস্তিষ্কে রক্তক্ষরণের মাত্রা বেড়েছে কি না।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জামান জানান, নুরের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড ইতোমধ্যে গঠন করা হয়েছে এবং আজ তা আলোচনায় বসবে।

তিনি জানান, নুরের জ্ঞান ফিরেছে, তবে মাথা ও নাকে গুরুতর আঘাত রয়েছে। ৪৮ ঘণ্টা না গেলে তার অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, গতকাল রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সাথে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় নুরুল হক নুর গুরুতর আহত হন। সংঘর্ষ ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।