শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী বৃহস্পতিবার (২০ আগস্ট) যথাযথ মর্যাদায় পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
এদিন সকালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে আয়োজিত মোনাজাতে অংশগ্রহণ করেন এবং শ্রদ্ধার সাথে তার অবদানের কথা স্মরণ করেন। এ সময় মরহুমের পরিবারের সদস্য, বিমান সদর এবং ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানসেনারা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদগুলোতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় একাত্তরের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
এছাড়াও, বিমান বাহিনী পরিচালিত স্কুল ও কলেজগুলোতে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জীবনীর ওপর আলোকপাত ও তার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।



