দেশের বাজারে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবারো কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্যহার রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
রোববার বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুন মাসের জন্য দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে লিটারপ্রতি দাম কমেছে ১৫ টাকা ৬৭ পয়সা।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে জেট ফুয়েলের মূল্য প্রতি লিটার ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৩ মে বিইআরসি অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম প্রতি লিটার ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করেছিল। একই সময়ে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১ দশমিক ৩৩৮৫ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ ডলার করা হয়।
বিইআরসি জানায়, নতুন মূল্যহার দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনাকারী সংস্থা এবং আন্তর্জাতিক ফ্লাইটের দেশি-বিদেশি অপারেটরদের জন্য প্রযোজ্য হবে। এ মূল্যহার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দরসহ দেশের অন্যান্য বিমানবন্দরে কার্যকর হবে।



