‘সন্তানের জন্মদিনে গাছ লাগালেন’ ডেপুটি স্পিকার

সন্তানের জন্মের দিন যদি তার নামে একটি গাছ লাগানো হয়, তবে শিশুটি যেমন বড় হবে, সাথে গাছটিও বেড়ে উঠবে।

নয়া দিগন্ত অনলাইন
বৃক্ষরোপণ
বৃক্ষরোপণ |প্রতীকী ছবি

পরিবারে নতুন সন্তানের জন্ম হলে তার স্মৃতি ও ভবিষ্যতের কথা চিন্তা করে একটি করে গাছ লাগানোর উদ্ভাবনী প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, ‘সন্তানের জন্মের দিন যদি তার নামে একটি গাছ লাগানো হয়, তবে শিশুটি যেমন বড় হবে, সাথে গাছটিও বেড়ে উঠবে।’

সোমবার বেলা ১১টায় জেলার কলমাকান্দায় পাঁচগাঁও রোডের কালিহালা এলাকায় পূবালী ব্যাংক পিএলসির কলমাকান্দা উপশাখার উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি রোপণকৃত গাছ রক্ষায় সাধারণ নাগরিকদের আরো সচেতন হওয়ার তাগিদ দিয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘শুধু গাছ লাগালেই হবে না, রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণ ও সুফলভোগীদের এগিয়ে আসতে হবে। সরকার বা প্রশাসনের একার পক্ষে রাস্তার ধারের বা বনায়নের সব গাছ রক্ষা করা সম্ভব নয়।’

থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের উদাহরণ টেনে তিনি নাগরিকদের নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচর্যায় দায়িত্বশীল হতে আহ্বান জানান। পাশাপাশি রাস্তার ধারের গাছের কাঠ, ফল বা ছায়া স্থানীয়রাই ভোগ করবেন, এই মানসিকতা তৈরি করে স্থানীয়দের সম্পৃক্ত করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বেসরকারি খাতের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাত থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসায় পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ-আল-মামুন।

সূত্র : বাসস