রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত একটি বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গুলিস্তানের ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে বিআরটিসি বাস কাউন্টার এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছে দলটি।
জামায়াতের দাবি, স্থানীয় ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিলের প্রস্তুতি চলছিল। এ সময় কয়েকজন কর্মী নামাজে ছিলেন এবং ১৫ থেকে ২০ জন কর্মী ঘটনাস্থলে অবস্থান করছিলেন। এমন সময় একদল মানুষ অতর্কিত হামলা চালালে সংঘর্ষের সৃষ্টি হয়।
দলটির অভিযোগ, হামলায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কিছু নেতাকর্মী অংশ নেন। হামলার নেতৃত্বে মহানগর দক্ষিণ যুবদলের জয়েন্ট সেক্রেটারি রঞ্জু এবং কমিশনার মামুন ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি, বিএনপি বা আওয়ামী লীগের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন ছুরিকাহত এবং তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যদের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য, এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীদের সমর্থনে জামায়াত একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। কিছুক্ষণ পর একদল হামলা চালালেই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে অনেকেই আহত হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনার পর এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে দাবি করেছে দলটি। ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। একইসাথে পরবর্তী কর্মসূচি নির্ধারণে শিগগিরই বৈঠক করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ, বিএনপি এবং আওয়ামী লীগের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



