মনোনয়নের পরও কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার ‘সাময়িক স্থগিত’

‘তার লেখা এবং কবিতা বিষয়ে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় ব্যাপারটা খতিয়ে দেখার স্বার্থে কর্তৃপক্ষ পুরস্কারটা সাময়িকভাবে স্থগিত করেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’

নয়া দিগন্ত অনলাইন
কবি মোহন রায়হান
কবি মোহন রায়হান |সংগৃহীত

বাংলা একাডেমির মনোনয়ন তালিকায় নাম থাকার পরও বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুরস্কার পাননি জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। বেশকিছু অভিযোগ ওঠায় তার পুরস্কারটি ‘সাময়িকভাবে স্থগিত’ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘তার লেখা এবং কবিতা বিষয়ে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় ব্যাপারটা খতিয়ে দেখার স্বার্থে কর্তৃপক্ষ পুরস্কারটা সাময়িকভাবে স্থগিত করেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’

কবি মোহন রায়হানের লেখা ও কবিতার বিষয়ে ঠিক কী ধরনের অভিযোগ পাওয়া গেছে, সেটি অবশ্য জানায়নি বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

তবে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে মোহন রায়হান অভিযোগ করেছেন, ৪১ বছর আগে লেখা একটি কবিতার কারণে তার পুরস্কারটি স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আজ অনুষ্ঠানের সূচনায়ও আমার নাম ঘোষণা করা হয়। কিন্তু পুরস্কার প্রদানের সময় আমাকে আর ডাকা হয়নি। জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার কবিতা ‘তাহেরের স্বপ্ন’ কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।’ বিবিসি