ড. রেজাউল করিম

রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা গ্রহণযোগ্য নয়

ড. রেজাউল করিম প্রশ্ন উত্থাপন করে বলেন, ঈদের পূর্বমুহূর্তে শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার এ অপচেষ্টা কেন? রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলার মাধ্যম কি এখনো ভাঙ্চুর, হুমকি ও সন্ত্রাস?

নয়া দিগন্ত অনলাইন
ড. রেজাউল করিম
ড. রেজাউল করিম |সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এবং মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর এবং তিনিসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত ২৪ মে বিকেলে বিএনপি নেতা আক্তার হোসেন (সাবেক মেম্বার)-এর নেতৃত্বে অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনের ঈদ শুভেচ্ছা সম্বলিত প্রায় ৬০টি ফেস্টুন প্রকাশ্যে ব্লেড দিয়ে কেটে নষ্ট করে। পরে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা আক্তার মেম্বার ক্ষিপ্ত হয়ে তার সহযোগীদের নিয়ে জামায়াত নেতার পরিচালিত ‘চ্যানেল ফ্যাশন’ শো-রুমে হামলা ও ভাংচুর চালানো হয়। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকি দেয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি প্রশ্ন উত্থাপন করে বলেন, ‘ঈদের পূর্বমুহূর্তে শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার এ অপচেষ্টা কেন? রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলার মাধ্যম কি এখনো ভাঙ্চুর, হুমকি ও সন্ত্রাস?’

তিনি উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, ‘চিহ্নিত অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের উদ্যোগ নেয়া হলেও প্রশাসনের রহস্যজনক ভূমিকার কারণে এখনো মামলাটি নথিভুক্ত হয়নি।’

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি করেন। প্রেস বিজ্ঞপ্তি