সারাদেশের জেলা প্রশাসকদের (ডিসি) নিয়ে ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনস্থলে এসে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সম্মেলনে সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত রয়েছেন।
এর আগে সকাল ১০টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দফতর থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান। এসময় পথের দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
সম্মেলনে সারাদেশ থেকে আসা জেলা প্রশাসকরা উপস্থিত রয়েছেন। ৫৬টি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা সম্মেলনে নিজ নিজ মন্ত্রণালয়ের ওপর জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। সরকারের নীতি উন্নয়ন কর্মসূচি এবং মাঠ প্রশাসনের জনস্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাব বিষয়ে আলোচনা, নির্দেশনা গ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য ঐতিহ্যগতভাবে প্রতিবছর জেলা প্রশাসক সম্মেলন আয়োজন করা হয়ে থাকে।



