নিবন্ধন বাতিল হওয়া ১২১ রাজনৈতিক দলকে আজ থেকে চিঠি দিচ্ছে ইসি

আবেদনপত্রে শর্ত পূরণ না হওয়া এবং তথ্য ঘাটতির কারণে প্রাথমিকভাবে সব দলকেই ঘাটতি পূরণের নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছিল।

নয়া দিগন্ত অনলাইন
নির্বাচন ভবন
নির্বাচন ভবন |সংগৃহীত

রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ায় আবেদন বাতিল হওয়া ১২১টি দলকে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি প্রদান শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার ৬২টি দলকে আবেদন নামঞ্জুরের চিঠি দেয়া হচ্ছে এবং বাকি ৫৯টি দল আগামী সপ্তাহের মধ্যে একই চিঠি পাবে।

ইসি সচিবালয়ের উপসচিব মাহবুব আলম শাহ জানিয়েছেন, তবে সবার চিঠিই আজকের তারিখে ইস্যু করা হবে।

ইসির কর্মকর্তারা জানান, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য মোট ১৪৩টি দল আবেদন করেছিল। তবে আবেদনপত্রে শর্ত পূরণ না হওয়া এবং তথ্য ঘাটতির কারণে প্রাথমিকভাবে সব দলকেই ঘাটতি পূরণের নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ে এর মধ্যে ৮৪টি দল কাগজপত্রের ঘাটতি পূরণ করে আবেদন জমা দেয়। কিন্তু যাচাই শেষে দেখা যায়, ১২১টি দল শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। ফলে প্রাথমিক বাছাই পর্যায়েই তাদের আবেদন নামঞ্জুর করা হয়।

বর্তমানে জাতীয় নাগরিক পার্টিসহ ২২টি দলের মাঠপর্যায়ে তদন্ত চালাচ্ছে নির্বাচন কমিশন। তদন্ত শেষে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সূত্র : বাসস