মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় প্রবীণ-প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ছাড়, আজ থেকে কার্যকর

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ভাড়া ছাড় পেতে যাত্রীর বয়স কমপক্ষে ৬৫ বছর হতে হবে। অনলাইনে টিকিট কেনার সময় জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে বয়স স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। ভাড়ার মূল অংশের ওপর ২৫ শতাংশ ছাড় প্রযোজ্য হবে। তবে সার্ভিস চার্জ, ভ্যাট ও অন্যান্য প্রযোজ্য ফি আগের নিয়মেই পরিশোধ করতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
মেট্রোরেল ও ট্রেন
মেট্রোরেল ও ট্রেন |ইন্টারনেট

প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

আজ সোমবার থেকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে এ সুবিধা কার্যকর হয়েছে।

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ভাড়া ছাড় পেতে যাত্রীর বয়স কমপক্ষে ৬৫ বছর হতে হবে। অনলাইনে টিকিট কেনার সময় জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে বয়স স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। ভাড়ার মূল অংশের ওপর ২৫ শতাংশ ছাড় প্রযোজ্য হবে। তবে সার্ভিস চার্জ, ভ্যাট ও অন্যান্য প্রযোজ্য ফি আগের নিয়মেই পরিশোধ করতে হবে।

রেলওয়ে জানিয়েছে, অনলাইন ও কাউন্টার- উভয় মাধ্যম থেকেই এ সুবিধা পাওয়া যাবে। তবে এ জন্য যাত্রীকে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং প্ল্যাটফর্ম ‘রেলসেবা’ অ্যাপে নিবন্ধিত থাকতে হবে।

একজন প্রবীণ যাত্রী সপ্তাহে সর্বোচ্চ দুইবার এ সুবিধা গ্রহণ করতে পারবেন। যাত্রার তারিখ অনুযায়ী সাপ্তাহিক হিসাব নির্ধারণ করা হবে। কোনো ছাড়প্রাপ্ত টিকিট ফেরত দিলে তা সাপ্তাহিক সীমার হিসাব থেকে বাদ যাবে এবং সংশ্লিষ্ট যাত্রী একই সপ্তাহে পুনরায় ছাড় পাওয়ার সুযোগ পাবেন।

প্রবীণ কোনো যাত্রী সহযাত্রী নিয়ে ভ্রমণ করলে সহযাত্রীর ক্ষেত্রে নিয়মিত ভাড়া প্রযোজ্য হবে। তবে সহযাত্রীও প্রবীণ হলে প্রতি বুকিংয়ে একজন অতিরিক্ত প্রবীণ যাত্রী একই ছাড় সুবিধা পাবেন। এ ক্ষেত্রে তাকে নিজস্ব নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমে আলাদাভাবে যাচাই সম্পন্ন করতে হবে।

অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী ব্যক্তিরাও এ সুবিধার আওতায় থাকবেন। আন্তঃনগর ট্রেনের সুলভ ও শোভন শ্রেণিতে বিদ্যমান ৫০ শতাংশ ভাড়া ছাড় বহাল থাকবে। পাশাপাশি সব শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) শ্রেণিতে নতুন করে ২৫ শতাংশ ছাড় দেয়া হবে।

তবে প্রতিবন্ধী যাত্রীদের জন্য আপাতত শুধু স্টেশন কাউন্টার থেকে টিকিট ইস্যুর ক্ষেত্রে এ সুবিধা কার্যকর হবে। ভবিষ্যতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে অনলাইন টিকিটিং সুবিধা চালুর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে স্বল্প দূরত্বের কমিউটার ট্রেনে শিক্ষার্থীদের জন্য ইউনিফায়েড পরিচয়পত্র চালুর পর ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ভাষ্য, রেল পরিবহনকে আরো জনবান্ধব, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এ লক্ষ্যে গত ৩ মার্চ প্রধানমন্ত্রীর সাথে রেলপথ মন্ত্রণালয়ের বৈঠকে প্রতিবন্ধী, শিক্ষার্থী ও সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ভাড়া ছাড় চালুর নির্দেশনা দেয়া হয়েছিল।

এর ধারাবাহিকতায় প্রথম ধাপে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই সুবিধা চালু করা হলো।

এ ছাড়া মেট্রোরেলের লাইন-৬-এ ৬৫ বছর বা তার বেশি বয়সী যাত্রী এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন। এ সুবিধা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিচয়পত্র ও প্রমাণপত্র প্রদর্শন করতে হবে।