আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

‘সেবা প্রদানের পাশাপাশি সৌজন্যমূলক অভিবাদন, হাস্যোজ্জ্বল ব্যবহার ও সদয় আচরণ রোগীদের প্রতি সেবার মান বহুগুণ বৃদ্ধি করতে পারে।’

নয়া দিগন্ত অনলাইন
নার্স দিবসের অনুষ্ঠানে অতিথিরা
নার্স দিবসের অনুষ্ঠানে অতিথিরা |নয়া দিগন্ত

বাংলাদেশ জেরন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশন (বিজিএ)-এর উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে এ আয়োজন করা হয়।

এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমান।

সাইদুর রহমান বলেন, সেবা প্রদানের পাশাপাশি সৌজন্যমূলক অভিবাদন, হাস্যোজ্জ্বল ব্যবহার ও সদয় আচরণ রোগীদের প্রতি সেবার মান বহুগুণ বৃদ্ধি করতে পারে।

তিনি বলেন, এটি শুধু মাত্র পেশাগত দায়িত্ব নয় বরং একটি মানবিক গুন, যা রোগীর আস্থা ও মানসিক প্রশান্তি বৃদ্ধিতে সহায়ক। নার্সদের দক্ষতা উন্নয়ন ও পরিচর্যার মান বৃদ্ধি সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত একটি খাত।

তিনি আরো বলেন, বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি জেরিয়াট্রিক ওয়ার্ড চালু রয়েছে, আগামী মাসে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো একটি জেরিয়াট্রিক ওয়ার্ড চালু হবে এবং পর্যায়ক্রমে দেশের অন্য সরকারি হাসপাতালে এ ধরনের ওয়ার্ড চালুর পরিকল্পনা আমাদের রয়েছে। এই উদ্যোগ প্রবীণ নাগরিকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক আনোয়ার হোসেন আকন্দ, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার জনাব হালিমা আক্তার, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ড. মো: নুরুল ইসলাম, সাবেক পরিচালক প্রফেসর তাহমিনা আখতার এবং সভাপতিত্ব করেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের বর্তমান পরিচালক প্রফেসর ড: মাহবুবা সুলতানা।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিজিএ-এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. রবিউল ইসলাম এবং প্রোগ্রাম শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিজিএ-এর সহ-সভাপতি প্রফেসর ড. হাফিজ উদ্দিন ভূঁইয়া।

এছাড়া আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিজিএ-এর যুগ্ম সম্পাদক ড. দিলীপ কুমার সাহা, অর্থ সম্পাদক ডা: প্রদীপ কুমার সাহা এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনির উদ্দিন মণি, অ্যাডভোকেট ইমাম হাসান খান মামুন, আব্দুল খালেক অনিক, শফিউল আজম শাকিল ও মুন্নি খাতুন প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন আকন্দ বলেন, নার্সদের জন্য একটি মানসম্পন্ন স্ট্যান্ডার্ড সেটআপ প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। তিনি আন্তঃপেশাগত দ্বন্দ্ব নিরসনে গৃহীত উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন এবং বদলি ও স্থায়ীকরণ প্রক্রিয়া সহজীকরণসহ চলমান কাজের অগ্রগতি সম্পর্কে বর্ণনা দেন।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল-এর রেজিস্ট্রার হালিমা আক্তার বলেন, মানসম্মত নার্সিং শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ এবং কলেজ পর্যায়ে কার্যকর মনিটরিং ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।

অনুষ্ঠানে নার্সিং শিক্ষা, সেবা এবং প্রশাসনে বিশেষ অবদান রাখার জন্য তিনজন বিশিষ্ট নার্সকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মাহবুবা সুলতানা বলেন, নার্সিং পেশাকে একটি মানবিক ও শক্তিশালী পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষা, নীতি ও গবেষণার সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করতে হবে।

আলোচনা সভায় বিজিএ-এর বিভিন্ন পর্যায়ের সাবেক, বর্তমান শিক্ষার্থীরা ছাড়াও ঢাকার একটি সরকারি ও চারটি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।