সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় যথাসময়ে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজখবর নেন তিনি।
রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে নিজ কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের সাথে কুশল বিনিময় শেষে ১ নম্বর ভবন থেকে হেঁটে ৬ নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী।
৬ নম্বর ভবনে জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। কর্মকর্তাদের কক্ষে গিয়ে খোঁজখবর নেন সরকারপ্রধান। যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজখবর নেন তিনি।
এরপর ৫ নম্বর ভবনের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকারপ্রধান।
সূত্র : ইউএনবি



