পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার

সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা

বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষে এই পুরস্কার তুলে দেন ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন।

নয়া দিগন্ত ডিজিটাল

রাজধানীর গাবতলী পশুরহাট এলাকায় গরু-ছাগলসহ ছিনতাই হওয়া একটি ট্রাক উদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার স্বীকৃতিস্বরূপ পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. গোলাম মোস্তফাকে সাহসিকতার পুরস্কার প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পক্ষে এই পুরস্কার তুলে দেন ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত ২৬ মে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিসি ট্রাফিক মিরপুর মোহাম্মদ ছানোয়ার হোসেনের প্রত্যক্ষ নির্দেশনায় গাবতলী পশুরহাট এলাকায় একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক মো. গোলাম মোস্তফা। অভিযানে তিনি সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে গরু-ছাগল বোঝাই ছিনতাইকৃত ট্রাকটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। একইসঙ্গে তিনি এই ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

Police-02

তার এই কৃতিত্বপূর্ণ ও সাহসী ভূমিকার অনন্য দৃষ্টান্তের স্বীকৃতিস্বরূপ ডিএমপি কমিশনারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ এক অনুষ্ঠানে ডিসি ট্রাফিক মিরপুর মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম-বার আনুষ্ঠানিকভাবে পরিদর্শক গোলাম মোস্তফার হাতে সাহসিকতার এই পুরস্কার তুলে দেন।