প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্ম দিবসে আজ মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে অফিসে আসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘ঈদের ছুটি শেষে মাননীয় প্রধানমন্ত্রী সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে তার দফতরে এসেছেন। সকাল ৮টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হনন। অফিসে এসে তিনি কর্মকর্তা-কর্মচারিদের সাথে ঈদের কুশল বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী তার দাফতরিক কাজ শুরু করেন।’
বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊধর্বতন কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীর সাথে ঈদের কুশল বিনিময় করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
দিনের কর্মসূচিতে ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সাক্ষাৎ। সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।



