শিক্ষামন্ত্রী

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলে আমরাই বিশ্বকে নেতৃত্ব দেবো

‘দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে আমরা শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছি।’

নয়া দিগন্ত অনলাইন
রাজধানীর কেআইবি মিলনায়তনে ইনকামিং লিডারস ট্রেনিং সেমিনারে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
রাজধানীর কেআইবি মিলনায়তনে ইনকামিং লিডারস ট্রেনিং সেমিনারে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন |সংগৃহীত

দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত করতে পারলে বাংলাদেশই আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে আমরা শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছি।’

শুক্রবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘ইনকামিং লিডারস ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি যুবসমাজকে কর্মমুখী ও দক্ষ করে তুলতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। কারণ দক্ষ জনবলই একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি।

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমরা সকলে মিলে একটি উন্নত ও আত্মনির্ভরশীল আগামীর বাংলাদেশ গড়ে তুলব। তবে এই লক্ষ্য অর্জনে সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।’

এ সময় তিনি দেশের শিক্ষাখাতের সামগ্রিক উন্নয়নে রোটারিয়ানদের আরো সক্রিয় ও যুগোপযোগী ভূমিকা রাখার আহ্বান জানান।

রোটারি বাংলাদেশের কান্ট্রি গভর্নর ড. ইশতিয়াক জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের রোটারিয়ান নেতা, সদস্য ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। বাসস