ঈদ উপলক্ষে নৌপথে বিশেষ লঞ্চ ও স্টিমার সার্ভিস শুরু ১৭ মার্চ

এই ব্যবস্থার আওতায় আগামী ১৭ মার্চ থেকে রাজধানীর বসিলা ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ নৌযান চলাচল শুরু হবে।

নয়া দিগন্ত অনলাইন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে, দুটি বিশেষ নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

এই ব্যবস্থার আওতায় আগামী ১৭ মার্চ থেকে রাজধানীর বসিলা ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ নৌযান চলাচল শুরু হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদ যাত্রীদের চাপ সামলাতে ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে নির্ধারিত রুটগুলোতে বিশেষ নৌযান চলবে।

রুটগুলো হলো— কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-নারায়ণগঞ্জ-চাঁদপুর-কালিগঞ্জ-হিজলা-বরিশাল।

এই রুটগুলোতে নৌযান চলাচল চালু থাকবে।

অন্যদিকে, রাজধানীর বসিলা ব্রিজ সংলগ্ন বসিলা লঞ্চঘাট থেকে বসিলা-সদরঘাট-মুন্সিগঞ্জ-চাঁদপুর-ঈদগাহ ফেরিঘাট, শরীয়তপুর-ইলিশা-হাকিমুদ্দিন-গলাচিপা রুটে যাত্রী পরিবহনের ব্যবস্থা থাকবে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ঈদ যাত্রাকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

মন্ত্রণালয় আরো জানায়, নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সেবার মান বজায় রাখতে, কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যাত্রীদের নির্ধারিত নৌপথ ব্যবহার করে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

সূত্র : বাসস