পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের মুসলিম ধর্মাবলম্বীসহ বিশ্বের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার (২৭ মে) এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, ঈদুল আজহা ধর্ম, বর্ণ ও জাতিসহ সকলের মনে ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রাখার শিক্ষা দেয়। আত্মত্যাগের এই মহৎ শিক্ষা আমাদের মনে চেতনাবোধ, সাম্য, সম্প্রীতি, সৌহার্দ্য, দায়িত্ববোধ ও মানবকল্যাণে আত্মনিয়ন্ত্রণের অণুপ্রেরণা জোগায়।
তিনি আরো বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাই নয়, বরং আত্মশুদ্ধি ও আত্মত্যাগ।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী আরো বলেন, কোরবানি আমাদেরকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেয়া এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করাই হোক এবারের ঈদে আমাদের মূল অঙ্গীকার।
মন্ত্রী দীপেন দেওয়ান দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে, পরিচ্ছন্নতা বজায় রেখে ও পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার জন্য আহ্বান জানান।
মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল নাগরিককে সাথে নিয়ে একটি টেকসই, সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে প্রধানমন্ত্রীর সেই সম্প্রীতির বার্তা ধারণ করে পার্বত্য চট্টগ্রামের পাহাড় ও সমতলের সকল মানুষকে শান্তি-সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদ উদযাপন করার আহ্বান জানাচ্ছি।
সূত্র : বাসস



