শনিবার নতুন কর্মসূচি ঘোষণা, শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

‘শনিবার সংগঠনের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

নয়া দিগন্ত অনলাইন
শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ
শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ |সংগৃহীত

শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে শাহবাগ ছেড়েছে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরতরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তারা শাহবাগ ছেড়ে যান। এ সময় আন্দোলনকারীদের সাথে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জোবায়ের ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক ইবনে সৈকত সেখানে ছিলেন।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আন্দোলনকারীদের শাহবাগ ছাড়ার আহ্বান জানিয়ে বলেন, শনিবার সংগঠনের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এর আগে, ইনকিলাব মঞ্চের বার্তায় বলা হয়, ‘লীগ (আওয়ামী লীগ) অ্যাক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে। একদিকে শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং অন্যদিকে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করা হলো।’

এদিকে, আন্দোলনের কারণে আসন্ন নির্বাচন পিছিয়ে যেতে পারে—এমন গুঞ্জন নাকচ করে দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। অপর এক পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, ‘নির্বাচন ১২ তারিখেই (১২ ফেব্রুয়ারি) হবে। নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেয়া হবে না।’

এর আগে, আজ দুপুরে জাতিসঙ্ঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। গতকাল বৃহস্পতিবার রাতেও কয়েক দফা আলটিমেটাম দিয়ে জাতিসঙ্ঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা।