বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন

‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সংসদীয় আসন বগুড়া-৬ আসনের জন্য বগুড়া জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মো: আহসান হাবিবকে এবং শেরপুর-৩ আসনের জন্য শেরপুর জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মো: মোরশেদুল আলমকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে মনোনয়ন দেয়া হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন |সংগৃহীত

শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৯ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদকে পাঠানো এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সংসদীয় আসন বগুড়া-৬ আসনের জন্য বগুড়া জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মো: আহসান হাবিবকে এবং শেরপুর-৩ আসনের জন্য শেরপুর জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মো: মোরশেদুল আলমকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে মনোনয়ন দেয়া হলো।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই দু’টি আসনের নির্বাচনে বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মো: মাহমুদুল হক রুবেল। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো: মাসুদুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলে (মার্কসবাদী) একজন করে প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বগুড়া-৬ আসনের নির্বাচন : নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের নির্বাচনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মো: রেজাউল করিম বাদশা। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো: আবিদুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থীও এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইসির তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ছিল ৫ মার্চ। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময় ৬ থেকে ১০ মার্চ।

আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ দেয়া হবে আগামী ১৫ মার্চ। বাসস