প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। পাশাপাশি দুই দেশের বিদ্যমান প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা আরো সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম ও চীনের রাষ্ট্রদূত ইয়েন ওয়েন
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম ও চীনের রাষ্ট্রদূত ইয়েন ওয়েন |নয়া দিগন্ত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়েন ওয়েন (Yen Wen)।

বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা, প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতা আরো জোরদারের বিষয়ে আলোচনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। পাশাপাশি দুই দেশের বিদ্যমান প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা আরো সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চীনে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জনের বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া প্রচলিত সামরিক সহযোগিতার বাইরে সাইবার নিরাপত্তা জোরদারে যৌথ উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশের একসাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে চীনের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন।

অন্যদিকে, চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করে ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।