সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সমাজকল্যাণমূলক প্রতিটি সেবা কার্যক্রম এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই সেই সেবার সুবিধা পায়। শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষ যেন তাদের প্রয়োজনীয় সেবা পান সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে।
বুধবার (৬ আগস্ট) ময়মনসিংহ জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ, ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদফতরের বিভাগীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, ‘সেবা প্রদানে জটিলতা বা বিলম্ব নয়, বরং মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া আমাদের অঙ্গীকার। সেবা একটি পবিত্র কাজ, জনগণের জন্য কাজ করাকে যদি আমরা ইবাদতের অংশ হিসেবে দেখি, তাহলে আমাদের কাজের মান ও আন্তরিকতা আরো বৃদ্ধি পাবে।’
উপদেষ্টা আরো বলেন, ‘আমরা ইউনিয়ন পর্যায়ে সমাজকল্যাণমূলক সেবা কার্যক্রমকে শক্তিশালী করতে চাই। তাই ইউনিয়ন লেভেলে সমাজসেবা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, শিশু সুরক্ষা ও কল্যাণমূলক কার্যক্রমকে আরো সক্রিয় ও শক্তিশালী করে তুলতে হবে। সারাদেশের মতো ময়মনসিংহের পশ্চাৎপদ অসচ্ছল মানুষ এবং নারীরাও যাতে সমান সুযোগ পায় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। তাই ময়মনসিংহ সমাজসেবা বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক অধিদফতরের কার্যক্রমকে আরো গতিশীল করার আহ্বান জানান তিনি।’
সভা শেষে প্রধান অতিথি শহর সমাজসেবা কার্যালয়ের অধীন সমন্বয় পরিষদ পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের আওতাধীন তৃণমূল পর্যায়ের অসহায় প্রশিক্ষণ গ্রহীতা নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। বাসস



