ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
শনিবার টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতর প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী প্রকৃত উপকারভোগী পরিবার ও কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করে ভর্তুকি, প্রণোদনা ও নিত্যপ্রয়োজনীয় সহায়তা সরাসরি পৌঁছে দেয়ার লক্ষ্যে দ্রুতই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ করা হবে। এসব কার্ড বিতরণে কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি সহ্য করা হবে না।
তিনি বলেন, জনগণের কল্যাণে একটি জনবান্ধব সরকার পরিচালনায় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কথা ধৈর্য সহকারে শুনে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারি কর্মকর্তাদের অনুরোধ করেন তথ্যমন্ত্রী।
ফকির মাহবুব আনাম প্রশাসনের সাথে সমন্বয় রেখে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, মধুপুরে বখাটে দেখতে চাই না। জনগণ যাতে নিরাপদে জীবনযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মকে মাদক ও ইন্টারনেটভিত্তিক অপরাধ, বিশেষ করে অনলাইন জুয়া থেকে রক্ষা করতে প্রশাসনকে আরো সজাগ থাকতে হবে। এক্ষেত্রে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।
মন্ত্রী বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতা নিশ্চিত করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টাঙ্গাইলকে আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে হবে।
সূত্র : ইউএনবি



