বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে আগামী ২৫ বছরের জন্য উপযোগী করে গড়ে তুলতে এখন থেকেই দূরদর্শী ও গঠনমূলক পরিকল্পনা নেয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, শুধু রাজধানী বা গুটিকয়েক মেডিক্যাল কলেজ কেন্দ্রিক উচ্চশিক্ষা সীমাবদ্ধ না রেখে দেশের প্রতিটি পুরনো মেডিক্যাল কলেজে ‘ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’ কোর্স চালু করা জরুরি।
বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘১৮০ বা ২০০ মিলিয়ন মানুষের এই দেশে আগামী ২৫ বছর পর স্বাস্থ্য খাতকে আমরা কোন অবস্থানে দেখতে চাই, সেই চিন্তা মাথায় রেখে আমাদের এগোতে হবে। প্রয়োজনীয়তা মানুষকে দক্ষ করে তোলে। তাই শুধু ঢাকা কেন্দ্রিক চিন্তা না করে তৃণমূলের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এখন থেকেই সমন্বিত উদ্যোগ নিতে হবে।’
সংকীর্ণ চিন্তাভাবনার ঊর্ধ্বে উঠে দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে চিকিৎসকদের কাজ করার অনুরোধ জানান তিনি।
দেশে আধুনিক চিকিৎসা ও ক্রিটিক্যাল কেয়ারের শুরুর দিককার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলেই দেশের চিকিৎসা খাতে যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
২০০৪-০৫ সালের স্মৃতি চারণ করে তিনি বলেন, ‘তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ারের কোর্স চালু হয়, যার সুফল দেশবাসী কোভিড মহামারির সময়ে পেয়েছে।’
বর্তমানে এই বিভাগে ১৩০ জন বিশেষজ্ঞ রয়েছেন এবং আরো ১০০ জন পাইপলাইনে আছেন উল্লেখ করে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজসহ দেশের সব পুরনো সরকারি মেডিক্যাল কলেজে দ্রুত এই কোর্স চালুর আহ্বান জানান।



