ডিআরইউতে তথ্যমন্ত্রী

গণমাধ্যমের অবদানের কারণেই দেশে আজ গণতন্ত্রের বিকাশ সম্ভব হয়েছে

মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা চর্চায় বর্তমান সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

নয়া দিগন্ত অনলাইন
ডিআরইউর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান
ডিআরইউর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান |বাসস

গণমাধ্যমের বলিষ্ঠ অবদানের কারণেই দেশে আজ গণতন্ত্রের বিকাশ সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান।

তিনি বলেন, ‘মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা চর্চায় বর্তমান সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।’

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিআরইউর সদস্যদের শুভেচ্ছা জানিয়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, ‘সংবাদমাধ্যম আছে বলেই আমরা আজ এই জায়গায় আসতে পেরেছি। দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা ও সার্বিক অর্জনে গণমাধ্যম সমান অংশীদার। বর্তমান সরকারের মেয়াদে আপনারা সম্পূর্ণ স্বাধীন গণমাধ্যম পাবেন। সরকারের পক্ষ থেকে সংবাদ মাধ্যম বা সাংবাদিকতার পেশাগত কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছা নেই।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও বিশ্বাস করেন যে সবাইকে নিয়ে একসাথে কাজ করলেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

সকালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক ও ডিআরইউর সাধারণ সদস্যবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

সূত্র : বাসস