সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণের অঙ্গীকার পূরণে আমাদের কাজ করতে হবে।
তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীতে বিজিবি ইমানুয়েল সেন্টারে রংপুর মেডিক্যাল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে আমরা, আপনারা সবাই রাজপথে ছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আলহামদুলিল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের সেবা করার সুযোগ পেয়েছে।
তিনি বলেন, আমরা আপনাদের সাথে নিয়ে মানুষের সেবা করতে চাই। যেভাবে আপনাদের সাথে নিয়ে বিগত সময়ে দেশের মানুষ যেভাবে আমাদের পাশে থেকেছে, ঠিক একইভাবে আমরা তাদেরকে সাথে নিয়ে দেশে ও দেশের মানুষকে এগিয়ে নিতে চাই।
তিনি বলেন, সেজন্য দরকার— আমরা যার যার অবস্থান থেকে দলের এবং সরকারের যে কর্মসূচি আছে, সেটি সমর্থন করা এবং দলের ইমেজ যাতে কেউ ছোট করতে না পারে, সেদিকে খেয়াল রাখা।
মন্ত্রী বলেন, ষড়যন্ত্র সর্বত্র চলছে এবং চলবে; এর মধ্য থেকে আমাদেরকে বের হয়ে যেতে হবে এবং জনগণের কল্যাণে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে।
পরে তিনি সকল শহীদের রুহের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
ইফতার মাহফিলে ড্যাবের সাবেক যুগ্ম আহ্বায়ক, রংপুর মেডিক্যাল কলেজ ছাত্রদল ও যুগ্ম মহাসচিব ডা: আবু মো: আহসান ফিরোজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ড্যাবের সাবেক মহাসচিব ও সংসদ সদস্য ডা: মো: আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএমএ ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা: এ কে এম আজিজুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: রফিকুল ইসলামসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। বাসস



