স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকবৃন্দ।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মন্ত্রী তার দফতরে নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকবৃন্দকে স্বাগত জানান। সাক্ষাৎকালে ছয় সিটির প্রশাসকবৃন্দ তাদের কর্মকালে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ও ছয় সিটির উন্নয়নে সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা হতে ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে, তারা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো: আব্দুস সালাম; ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো: শফিকুল ইসলাম খান; খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু; সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী; নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো: সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনে মো: শওকত হোসেন সরকার।



